রাষ্ট্রের আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার অভ্যুত্থান এবং একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কাউন্সিলের সদস্য রিশাদ আমীন বর্ণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আকিব এবং সদস্য সচিব হিসেবে বাংলা বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী এমদাদ উল্লাহ।
৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন রিশাদ আমীন বর্ণ, রাকিবুল হক মাহির, আহমেদ সাজু, প্লাবণ বনিক ও হৃদয় সূত্রধর।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সদস্য রিশাদ আমীন বর্ণ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রের আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার অভ্যুত্থান এবং একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নতুন কমিটি ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে শ্রমিক দীপু চন্দ্র দাশকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যার মূল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
চবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নতুন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আকিব বলেন, নতুন দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বের মাধ্যমে আমি সংগঠনের মূল লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে চাই। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার অভ্যুত্থান ও আকাঙ্খাকে ধারণ করে সংগঠনের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক আন্দোলন ও জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের কার্যক্রম গতিশীল থাকবে।
