বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যেতে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে রাজধানীগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে জেলা বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে লালমনিরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন।
এ লক্ষ্যে গত ১৯ ডিসেম্বর লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বিশেষ ভাড়াভিত্তিক ট্রেন বরাদ্দ চেয়ে রেলভবনে আবেদন করে জেলা বিএনপি। তবে সোমবার রাতে রেলভবন থেকে জানানো হয়, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা সম্ভব নয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বিক্ষোভ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা রেললাইনের ওপর অবস্থান নেন এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়েন।
এর ফলে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ত্যাগ করতে পারেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিচ বলেন, “দীর্ঘদিন পর প্রিয় নেতাকে একনজর দেখতে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুত। যথাযথ প্রক্রিয়ায় আমরা রেলভবনে বিশেষ ট্রেনের আবেদন করেছি। শেষ মুহূর্তে এসে ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব নয় জানানোয় আমরা বিপাকে পড়েছি।”
তিনি বলেন, “বিশেষ ট্রেন না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। লালমনিরহাট একটি বিভাগীয় শহর, এখান থেকে বিশেষ ট্রেন না থাকার কোনো যুক্তি নেই। আমরা আশা করি রেল বিভাগের শুভবুদ্ধির উদয় হবে।”
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, “রেলপথ অবরোধের কারণে লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারেনি।”
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলম বলেন, “ট্রেনটি চলাচল করতে না পারায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। অবরোধ না উঠলে ট্রেন চালানো সম্ভব নয়।”
এ বিষয়ে বক্তব্য জানতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা কামালের সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সরকারি চাকরিতে প্রবেশে ৩২ বছরের বেশি বয়সসীমা বহাল