আরাকান আর্মির হাতে আটক ১৩ বাংলাদেশি জেলে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ শিকারের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

আটক জেলেদের মধ্যে পরিচয় জানা গেছে সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) এবং শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরে পৃথক দুটি ঘটনায় মিয়ানমারের মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে জেলেদের আটক করা হয়।

সেন্টমার্টিনের বাসিন্দা জেলে কলিম উদ্দিন জানান, সকালে দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় জেলেকে আটক করে নিয়ে যান। এ সময় নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করা হয়। পরে দুপুরের দিকে মাছ ধরে ফেরার সময় আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাতজন জেলেকে আটক করে নিয়ে যায় তারা।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে আটক হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত