স্বাধীনতা অর্জনের সময় বাংলাদেশ ছিল যুদ্ধবিধ্বস্ত, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ। সদ্য স্বাধীন রাষ্ট্রটির সামনে তখন প্রধান চ্যালেঞ্জ ছিল খাদ্যনিরাপত্তা, পুনর্গঠন এবং টিকে থাকা। স্বাধীনতার পর প্রথম এক দশক ছিল সংগ্রামময়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা ও বৈদেশিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিকে দুর্বল করে তোলে। তবে আশির দশক থেকে অর্থনৈতিক কাঠামোতে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বেসরকারি খাতের দিকে ঝোঁক, বাজারমুখী সংস্কার এবং গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্রঋণের বিস্তার নতুন গতি আনে। এই সময়েই বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর কাঠামো থেকে ধীরে ধীরে শিল্প ও সেবা খাতের দিকে অগ্রসর হতে শুরু করে। ফলে কর্মসংস্থানের ধরনেও বৈচিত্র্য আসে এবং উৎপাদন কাঠামোতে মূল্য সংযোজনের মাত্রা বাড়তে থাকে। পাশাপাশি রপ্তানিনির্ভর শিল্পের উত্থান দেশের বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ভিত্তি গড়ে দেয়।
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি পোশাকশিল্প। আশির দশকের মাঝামাঝি যাত্রা শুরু করা এই খাত আজ দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশের জোগানদাতা। ২০২৩- ২৪ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় প্রায় ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছায়, যার সিংহভাগ আসে পোশাক খাত থেকে। প্রায় চার কোটিরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান এই শিল্পের সঙ্গে যুক্ত। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের নারীদের কর্মসংস্থান ও আর্থিক ক্ষমতায়নে এই খাত সামাজিক পরিবর্তনের বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। তৈরি পোশাকশিল্পের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির আরেকটি প্রধান ভিত্তি হলো প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন। এই প্রবাসীরা প্রতি বছর গড়ে প্রায় ২২-২৫ বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেন এবং গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বজায় রাখেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলের বদলে হুন্ডি বা অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।
একসময় খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ আজ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। ১৯৭২ সালে যেখানে মোট ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি টন, বর্তমানে তা ৩.৮ কোটি টনের বেশি। কৃষি খাতের এ সাফল্য দারিদ্র্য হ্রাস, গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারে মানুষের জীবনমানে দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অগ্রগতি আবার চাপের মুখে পড়েছে। উচ্চ মূল্যস্ফীতি, আয় বৈষম্য ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালে দারিদ্র্যের হার পুনরায় বেড়ে প্রায় ২১-২৫ শতাংশের মধ্যে অবস্থান করছে বলে বিভিন্ন বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যায়। ফলে দারিদ্র্য হ্রাসের অর্জন যে এখনো নাজুক এবং টেকসই নীতিগত হস্তক্ষেপ ছাড়া তা সহজেই ক্ষয় হতে পারে এ বাস্তবতা নতুন করে সামনে এসেছে। দারিদ্র্য হ্রাসে ব্যাপক সাফল্য এলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায়নি, যার ফলস্বরূপ আয় বৈষম্য প্রকট হয়েছে। গিনি সহগ অনুযায়ী এই বৈষম্য উদ্বেগজনক। সম্পদ ও আয়ের এই অসম বণ্টন কেবল নৈতিক সমস্যা নয়, এটি অর্থনৈতিক উন্নয়নের গতিকেও শ্লথ করে।
সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে এক বাস্তব চাপ হিসেবে দৃশ্যমান হয়েছে। চাল, ডাল, তেল ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবার খাদ্য ব্যয়ে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। যেখানে একসময় সপ্তাহে একাধিকবার মাছ বা মাংস থাকত, সেখানে এখন তা সীমিত হয়ে এসেছে। আয় অপরিবর্তিত থাকায় প্রকৃত আয় কমছে, সঞ্চয় ভাঙতে হচ্ছে এবং ভোগব্যয় সংকুচিত হচ্ছে। এই বাস্তব অভিজ্ঞতা দেখায়, মূল্যস্ফীতি শুধু একটি পরিসংখ্যান নয়; এটি দারিদ্র্য হ্রাসের অর্জনকে ঝুঁকির মুখে ফেলছে এবং সামাজিক বৈষম্যকে আরও গভীর করছে। ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন। প্রতি বছর প্রায় ২০-২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে উৎপাদনশীল ও স্থায়ী চাকরি সৃষ্টি হচ্ছে না। প্রযুক্তিনির্ভর দক্ষতা, কারিগরি শিক্ষা ও উদ্ভাবনে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে একদিকে শিল্প খাত দক্ষ জনশক্তির সংকটে ভুগছে, অন্যদিকে শিক্ষিত তরুণদের বড় একটি অংশ উপযুক্ত কাজের অভাবে হতাশ হয়ে পড়ছে।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে এই দক্ষতার ঘাটতি দূর করতে না পারলে বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে না পারলে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তাই টেকসই উন্নয়ন, সবুজ অর্থনীতি ও জলবায়ু সহনশীল বিনিয়োগ এখন সময়ের দাবি। বাংলাদেশ যেহেতু সমুদ্র উপকূলবর্তী একটি দেশ, তাই অর্থনৈতিক অগ্রযাত্রাকে টেকসই করতে হলে বিশাল সামুদ্রিক সম্পদ বা ব্লু ইকোনমিকে কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ, খনিজ ও জ¦ালানি সম্পদ অনুসন্ধান, সামুদ্রিক পর্যটন এবং আধুনিক শিপিং ও বন্দর ব্যবস্থার উন্নয়ন এসব ক্ষেত্রে সুদূরপ্রসারী ও পরিবেশবান্ধব বিনিয়োগ করতে পারলে তা জিডিপি বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এক্ষেত্রে সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া জরুরি, যাতে এই নতুন অর্থনৈতিক খাত টেকসই ও দীর্ঘমেয়াদি হয়। উন্নয়নের সাফল্য তখনই অর্থবহ হবে, যখন সেই পরিসংখ্যান সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও সম্ভাবনার বাস্তব প্রতিফলন ঘটাবে।
লেখক : প্রভাষক ও কলাম লেখক