ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বলিয়াদী জমিদারবাড়ির আপন দুই ভাই ইশরাক সিদ্দিকী ও ইরাদ সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহ করায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তারা দুজনই গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি করপোরেশনের ১–১৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন। পাশাপাশি তার বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। এ ঘটনায় ধানের শীষের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে; ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বহিষ্কারের দাবিও উঠেছে।
ইরাদ সিদ্দিকী বলেন, চক্রান্তের কারণে তাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে; জনপ্রিয়তার ভিত্তিতে তিনি আনারস প্রতীকে নির্বাচন করবেন। এদিকে ইশরাক সিদ্দিকী জানান, তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন, শেষ সিদ্ধান্ত পরে জানাবেন।
সহকারী রিটার্নিং অফিসার এইচ এম ফখরুল হোসাইন জানান, এখন পর্যন্ত কালিয়াকৈর কার্যালয় থেকে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; নির্ধারিত সময় শেষে মোট সংখ্যা নিশ্চিত হবে। গাজীপুর-১ আসনে মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন।
