তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

কুমিল্লা থেকে দেড় লাখ নেতা–কর্মীর ঢাকায় যাত্রা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে কুমিল্লা থেকে অন্তত দেড় লাখ নেতা–কর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছে দলটির বিভিন্ন ইউনিট। কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর ও উত্তর জেলা বিএনপির পাশাপাশি কুমিল্লা-৬ সংসদীয় আসনের নেতৃবৃন্দ পৃথকভাবে এই জনসমাগমের প্রস্তুতি নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে প্রায় ৫০ হাজার, কুমিল্লা মহানগর বিএনপির নেতৃত্বে ৩০ হাজার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃত্বে ৪০ হাজার এবং কুমিল্লা-৬ সংসদীয় আসন থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুল রশিদ ইয়াছিনের নেতৃত্বে ২০ হাজার নেতা–কর্মী সংবর্ধনায় অংশ নেবেন। সব মিলিয়ে কেবল কুমিল্লা জেলা থেকেই দেড় লাখ নেতা–কর্মীর উপস্থিতির আশা করা হচ্ছে।

গত ২২ ডিসেম্বর থেকেই কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা নিজ নিজ ব্যবস্থায় ঢাকায় গিয়ে অবস্থান নিতে শুরু করেছেন। অনেকেই আত্মীয়স্বজন ও বন্ধু–বান্ধবের বাসায় থেকে অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

বুধবার থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ট্রেনে করে নেতা–কর্মীরা ঢাকায় পৌঁছাবেন। কুমিল্লা দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির উদ্যোগে যাতায়াতের সমন্বিত ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সংবর্ধনা স্থলে নির্ধারিত সময়ের আগেই পৌঁছানোদের জন্য ৩০০ ফিট এলাকায় থাকা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা ইতোমধ্যে সংবর্ধনা স্থলে উপস্থিত রয়েছি। কুমিল্লা-৬ সদর আসন থেকে হাজী আমিনুল রশিদ ইয়াছিনের নেতৃত্বে ২০ হাজার নেতা–কর্মী অংশ নেবেন। যাতায়াত ও স্বাগত ব্যবস্থার জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, মহানগর শাখার নেতৃত্বে ৩০ হাজার নেতা–কর্মী সংবর্ধনায় যোগ দেবেন। কুমিল্লা–ঢাকা রুটের বিভিন্ন বাস সার্ভিসের সঙ্গে চুক্তি করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা ঈদগা থেকে ৫০টি বাস ও ১০০টি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে রওনা দেবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, দক্ষিণ জেলা থেকে ৫০ হাজারের বেশি নেতা–কর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। তাদের নির্বিঘ্ন যাতায়াত ও সংবর্ধনা স্থলে খাবার–থাকার ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান সরকার বলেন, ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন—এটি আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। উত্তর জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে ৩৫ থেকে ৪০ হাজার নেতা–কর্মী সংবর্ধনায় যোগ দেবেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কুমিল্লাজুড়ে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানান দলীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত