মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় তাদের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়টি ১১.৯ একর জমির ওপর অবস্থিত। দীর্ঘ শিক্ষাযাত্রায় প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিদ্যালয়টি ১৯৮৭ সালের ৪ ফেব্রুয়ারি জাতীয়করণ করা হয়। এ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো ১৯৬৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
বর্তমানে বিদ্যালয়টিতে ৫৩০ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং পাঠদানে নিয়োজিত রয়েছেন ১৪ জন শিক্ষক। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী ও অতিথি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টায় বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি, এরপর পতাকা উত্তোলন, আলোচনাসভা, মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যায় আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত বাঁশি বাদক জালাল উদ্দিন, জনপ্রিয় শিল্পী সাফওয়ান, পড়শী এবং অ্যাসেস ব্যান্ডের শিল্পীরা। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, এই ৭৫ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের জন্মদিন নয়, বরং শিবালয় এলাকার শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের একটি স্মরণীয় অধ্যায়।
