সাকিবের বড়দিনের শুভেচ্ছাবার্তায় মিশে রইল শিশুদের জন্য হাহাকার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আজ। সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’ হিসেবে উদ্‌যাপন করে থাকেন। এ উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। তার শুভেচ্ছাবার্তায় মিশে রইল শিশুদের জন্য হাহাকার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, ‘রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়— সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।’ সাকিবের ফেসবুক পোস্ট।

সাকিব আরও লিখেছেন, ‘লক্ষ্মীপুরের শিশু আয়শা, মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি! ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না— তবুও ওদের জীবন দিতে হয়েছে! শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি? ভালো থেকো, সুস্থ থেকো— আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড় দিনের শুভেচ্ছা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত