হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আসফুরাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের (সিএনই) তথ্য অনুযায়ী, রক্ষণশীল ন্যাশনাল পার্টির আসফুরা ৪০.৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, মধ্যপন্থী লিবারেল পার্টির সালভাদর নাসরাল্লা পেয়েছেন ৩৯.৫ শতাংশ ভোট।
বিজয়ী ঘোষণার পর আসফুরা সামাজিক মাধ্যমে বলেছেন, ‘হন্ডুরাস, আমি দেশ পরিচালনার জন্য প্রস্তুত। আমি আপনাদের হতাশ করব না।’
নভেম্বরের ৩০ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনার সময় প্রযুক্তিগত সমস্যা ও ফলাফল বিলম্বের কারণে বেশিরভাগ ভোট হাতে গণনা করতে হয়েছে। এই বিলম্বের পর রাজধানী তেগুচিগালপাসসহ দেশজুড়ে লিবারেল পার্টির সমর্থকরা বিক্ষোভ করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো নির্বাচনী ফলাফলকে ‘নির্বাচনী অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, আসফুরার জয় হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন বাড়াবে এবং দেশটির ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তবে বিরোধী শিবিরের বিক্ষোভ রাজনৈতিক অস্থিরতার নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
