মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই চরম নাটকীয়তার জন্ম হলো। অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে মাত্র ৭ ঘণ্টার মধ্যেই দুই দল মিলিয়ে পড়েছে ২০ উইকেট! সবুজ উইকেটে দুই দলের বোলারাই বিধ্বংসী হয়ে ওঠেন। অজিদের ১৫২ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১১০ রানে। পরিস্থিতি এমন হয় যে, প্রথম দিনের শেষভাগে অস্ট্রলিয়া তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে দেয়।
আজ শুক্রবার সকালে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। জশ টংয়ের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়া অল-আউট হয়ে যায় ১৫২ রানে। টং ১১.২ ওভার বল করে ৫ উইকেট নেন। মাইকেল নেসারের ৩৫ রানই অজিদের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে খেলেছে ৪৫.২ ওভার।
জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে ইংল্যান্ডও। মাত্র ২৯.৫ ওভারে তারা ১১০ রানে অল-আউট হয়ে যায়। ইনিংসের প্রথম ৮ ওভারেই ৪ উইকেট হারায় সফরকারীরা। বেন ডাকেট (২), জ্যাকব বেথেল (১), জ্যাক ক্রলি (৫) ও জো রুট (০) দ্রুত সাজঘরে ফেরেন। বিশেষ করে রুট ০ রানে আউট হওয়ায় চাপে পড়ে যায় ইংল্যান্ড। অজিদের হয়ে মাইকেল নেসের ৪৫ রানে ৪ উইকেট আর স্কট বোল্যান্ড ৩০ রানে ৩ উইকেট নেন।
মেলবোর্নে এক দিনে সর্বোচ্চ উইকেট পড়েছে ২৫টি, সেটি ১৯০২ সালে। সেই ঘটনার ১২৩ বছরের মধ্যে আজই প্রথম এই মাঠে টেস্টের প্রথম দিনে অন্তত ২০ উইকেট পড়তে দেখা গেল। গত ৭৪ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের এক দিনে ন্যূনতম ২০ উইকেট পড়ার এটাই প্রথম ঘটনা। সর্বশেষ এমন কিছু দেখা গেছে ১৯৫১ সালে অ্যাডিলেড ওভালে। সেই টেস্টে এক দিনে ২২ উইকেট পড়েছিল।
শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪ রান তোলে অস্ট্রেলিয়া। এতে তাদের লিড হয়েছে ৪৬ রানের। মেলবোর্ন টেস্টের প্রথমদিনে গ্যালারিতে উপস্থিত দর্শকসংখ্যাও ইতিহাস গড়েছে। প্রায় ৯৪ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নতুন রেকর্ড। তবে উইকেটের আচরণ দেখে আশঙ্কা তৈরি হয়েছে, ম্যাচটি হয়তো দুই দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে।
বিপিএলের সিলেট পর্বে থাকছেন না সৌম্য সরকার
অস্ট্রেলিয়াকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড
আরেকটি সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন কোহলি
ঘরোয়া আয়োজনে বড়দিন উদযাপন মেসি পরিবারের