ম্যাচ জিতে এসে সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়ালেন মরিনহো

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

মাঠের বাইরে নিয়মিতই নানা বিতর্কের জন্ম দিয়ে যান ‘দ্যা স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো। এবার পর্তুগিজ লিগে ফামালিকাওর বিপক্ষে ১-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তিনি সাংবাদিকদের এক হাত নিয়েছেন। ঘটনাটি নিয়ে ইউরোপীয় গণমাধ্যমে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

লিসবনে গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাইমেইরা লিগার ১৫তম রাউন্ডের ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন বেনফিকার কোচ মরিনহো। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি সরাসরি অভিযোগ করেন, ওই সাংবাদিক তার সম্পর্কে ভুয়া তথ্য প্রকাশ করেছেন! সেই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও আলোচনা থামছে না।

সাংবাদিক প্রশ্ন করতেই মরিনহো উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আমি ভেবেছিলাম তুমি আমার সম্পর্কে যে ভুয়া খবর লিখেছ, সেটা নিয়েই প্রশ্ন করবে। যেহেতু ওই গল্পের বিষয় আমি নিজেই, তাই পুরো সততার সঙ্গে বলছি—ওটা মিথ্যা। তুমি গ্রাউন্ডেড। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না, হয়তো পরের বার।’

৬২ বছর বয়সী এই পর্তুগিজ কোচ স্পষ্টভাবে জানান, তার সম্পর্কে প্রকাশিত ওই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তিনি কথা শেষ করেন হালকা বিদ্রূপাত্মক হাসি দিয়ে। এই ঘটনার ভিডিও ও বক্তব্য দ্রুতই ইউরোপীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগেও একাধিকবার সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন মরিনহো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত