ফরিদপুর সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-মাদকসহ শেখ সাদি (৩৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ শুক্রবার বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ শেখ সাদিকে গ্রেপ্তার করা হয়। সাদি একই এলাকার মৃত আঃ কাদের শেখের ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে এলাকায় মব সৃষ্টির চেষ্টা করে সে।
অভিযানে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুইটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অপরাধীকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান রয়েছে। আগামীতে অপরাধ ও সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনী সব সময় সতর্ক রয়েছেন।
