মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে সাধারণ সভা, পুনর্মিলনী, বৃত্তি প্রদান, সমিতির অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ কুদ্দুসুর রহমানকে পুনরায় সভাপতি এবং খান মো. হাবিবুল আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রবীণ প্রাক্তন ছাত্র আশরাফুর রহমান খান জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সালাম খান, বর্তমান সভাপতি মুহাম্মদ কুদ্দুসুর রহমান এবং সাধারণ সম্পাদক খান মো. হাবিবুল আলম জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমিতির পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন।
সভাপতি মুহাম্মদ কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিন আল মামুন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন (জিকু) এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার ও সলিসিটর (মেলবোর্ন, অস্ট্রেলিয়া) নুরুল ইসলাম খান মানিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সালাম খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুর রহিম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. বদর উদ্দিন মাসুদ, স্কয়ার কোম্পানির ডি জি এম গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আব্দুল হাই, চট্টগ্রাম আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আব্দুর রহমান, ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সিগমা রহমান রত্না, বাংলাদেশ পুলিশের এএসপি আব্দুল মালেক রানা, শিল্পোদ্যোক্তা মো. মিজানুর রহমানসহ অনেকে।
এছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক মানোন্নয়ন সম্ভব। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে প্রাক্তন ছাত্র সমিতিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল প্রাক্তন শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
