মেলবোর্ন জিতেই অ্যাশেজ হার, মদ্যপান বিতর্কের জবাব দিলেন স্টোকস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

মেলবোর্ন টেস্টের আগে ইংল্যান্ড দলের অবস্থা ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। প্রথম তিন টেস্ট হেরে অ্যাশেজ খোয়ানোর যন্ত্রণা তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছিল মদ্যপান বিতর্ক। তৃতীয় টেস্টের আগে ইংলিশ ক্রিকেটাররা আকণ্ঠ মদ্যপান করেছিলেন। এমনকী বেন ডাকেটের মাতলামির ভিডিও পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। সব বিতর্ক আপাতত স্তিমিত হলো মেলবোর্নে ইংল্যান্ডের ৪ উইকেটের জয়ে।

বোলারদের রাজত্বে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে মেলবোর্ন টেস্ট। স্বস্তির জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘অনুভূতিটা দারুণ। এখন পর্যন্ত সফরটা আমাদের জন্য খুব কঠিন ছিল। দল হিসেবে কঠিন সময় কাটলেও দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় টেস্টজয়ী দলের অংশ হতে পারা গর্বের। বার্মি আর্মি (সমর্থক গ্রুপ) আমাদের জন্য খুবই বিশেষ। তাদের অবিরাম গর্জন মাঠের খেলোয়াড়রা শোনে, অনুভব করে। কাল অনেকের মাথা ভারী থাকবে।’

এরপরই সমালোচকদের উদ্দেশ্যে স্টোকস বলেন, ‘এই টেস্টের আগে আমাদের দিকে অনেক কিছু ছুড়ে দেওয়া হয়েছিল। সেসবের পরেও এমন পারফরম্যান্স দেখানো এবং খুব ভালো একটি অস্ট্রেলিয়ান দলকে হারানো—এর পুরো কৃতিত্ব খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার, যারা সবাই ক্রিকেটের দিকেই মনোযোগ রেখেছে। আমি ভীষণ গর্বিত। আজ আমরা যেভাবে খেলেছি, সেটাই ছিল একদম সঠিক পথ। আমরা সাহস দেখিয়েছি, দৃঢ়তা দেখিয়েছি।’

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘ম্যাচটা বেশ কঠিন ছিল, খুব দ্রুত শেষ হয়ে গেছে। আর ৫০ বা ৬০ রান করতে পারলে হয়তো আমরা লড়াইয়ে থাকতাম। আজ সকালে ইংল্যান্ড দারুণ বোলিং করেছে, এরপর ব্যাট হাতে আক্রমণাত্মক খেলেছে, আমাদের বল কিছুটা নরম করে দিয়েছে। কয়েকটা জোরালো শটের কারণে এমনটা হয়েছিল। উইকেট বোলারদের জন্য একটু বেশিই সহায়ক ছিল, দুই দিনে ৩৬ উইকেট পতন খুব বেশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত