দুপুরে সিলেট স্টেডিয়ামে শিষ্যদের অনুশীলন করানোর এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার স্মরণে ঢাকা ক্যপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচের মাঝে এক মিনিটের নিরবতা পালন করা হয়েছে।
জাকির মৃত্যুতে শোকাহত ঢাকা ক্যাপিটালস
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। লম্বা সময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন জাকি। বিসিবির গেম ডেভেলপমেন্টের বিশেজ্ঞ পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাসকিন আহমেদের অ্যাকশন শোধরানোর কৃতিত্বও তাঁর। ৫৯ বছর বয়সি কোচের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। এ ছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও শোক জানিয়েছে।
জাকির সন্তান ও পরিবারের খরচ বহন করবে ঢাকা
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করার সময় মাঠে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সিপিআর দেয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। জাকির মৃত্যুতে তাঁর পরিবার ও সন্তানদের খরচের দায়িত্ব নিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
জাকি স্যারের জন্য অস্ট্রেলিয়ায় বসেও কষ্ট অনুভব হচ্ছে রিশাদের
সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। -- ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন-- "সত্যিই, আমরা আল্লাহর, এবং প্রকৃতপক্ষে, আমরা তাঁর কাছেই ফিরে যাব।"
