পরচুলা পরতে না দেওয়ায় নির্মাতাদের উপর ক্ষুব্ধ হয়ে ‘দৃশ্যম’ টিম ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। শুরুতে এমন খবর চাউর হলেও এবার শোনা যাচ্ছে বেশি পারিশ্রমিক নিয়ে মনোমালিন্যের জেরে অজয় দেবগনের ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিনোদপুত্র? এমন কৌতূহলে যখন বলিউডে হইচই, তখন বোমা ফাটালেন ‘দৃশ্যম ৩’ সিনেমার প্রযোজক কুমার মঙ্গত পাঠক।
আইনি নোটিশ ধরানোর পাশাপাশি কোনওরকম রেয়াত না করেই চাঁচাছোলা ভাষায় অক্ষয় খান্নার সমালোচনা করেছেন পাঠক। ‘দৃশ্যম ৩’ প্রযোজকের মন্তব্য, ‘আমরা অক্ষয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। বহু আলোচনা করে পুনর্বিবেচনার পর তার চাহিদামতো পারিশ্রমিক ঠিক করা হয়। কিন্তু আচমকাই পরচুলা পরার দাবি করে বেঁকে বসেন অক্ষয়। যদিও পরিচালক অভিষেক পাঠক তাকে জানিয়েছিল যে, ছবির ধারাবাহিকতা বজায় রাখার জন্য সিক্যুয়ালে পরচুলা পরা যাবে না। তখন সেটা বুঝে আর অমত করেননি অক্ষয়। তবে তার আশেপাশের ‘চামচা’রা তাকে বোঝায় পরচুলা পরলে সিনেপর্দায় দেখতে আরও স্মার্ট লাগবে। তাই আবারও অক্ষয় খান্না উইগ পরার জন্য জোরাজুরি শুরু করেন। এবারে পরিচালক তার দাবি মেনে নিয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই অভিনেতা জানিয়ে দেন যে, ‘দৃশ্যম ৩’র অংশ তিনি হতে চান না।
এখানেই অবশ্য থামেননি প্রযোজক। অক্ষয় খান্নার বিরুদ্ধে অগ্রিম পারিশ্রমিক নিয়ে কাজ না করার অভিযোগও তুলেছেন কুমার মঙ্গত পাঠক। প্রযোজকের সংযোজন, একটা সময় ছিল যখন অক্ষয় কিছুই ছিলেন না। তখনই আমি তার সঙ্গে ‘সেকশন ৩৭৫’ তৈরি করেছিলাম ২০১৯ সালে। তবে তার অপেশাদার আচরণ নিয়ে অনেকেই তখন আমাকে সতর্ক করেছিলেন। শুটিং সেটে তাকে বরাবর টক্সিক (বিষাক্ত) বলে মনে হয়েছে। আমার ‘সেকশন ৩৭৫’ ছবিটাই অক্ষয় খান্নাকে জনপ্রিয় করেছে।
পরে তার সঙ্গে ‘দৃশ্যম ২’-এর জন্য আমার চুক্তিবদ্ধ হই। এরপরেই না তার কাছে ডাকসাইটে সিনেমাগুলির প্রস্তাব আসতে থাকে। নইলে তো তার আগে ২-৩ বছর অক্ষয় বাড়িতেই বসেছিলেন। তবে এটাও উল্লেখ্য যে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আসল মুখ অজয় দেবগন। আর ‘ছাবা’ ভিকি কৌশলের সিনেমা। ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটা রণবীর সিংয়ের ছবি। অক্ষয় খান্নাকে দিয়ে যদি কোনও একক সিনেমা করানো হয় তাহলে সেই ছবি ভারতে ৫০ কোটির ব্যবসাও করতে পারবে না। এখন অবশ্য সব ভুলে নিজেকে সুপারস্টার বলে মনে করছেন তিনি। অক্ষয়ের উচিত প্রযোজকদের কাছে গিয়ে যাচাই করে নেওয়া, কে তার সিনেমার জন্য টাকা ঢালবে?
এদিকে বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘দৃশ্যম ৩’-এ এবার অক্ষয় খান্নার পরিবর্তে জয়দীপ আহলাতকে দেখা যাবে। জল্পনায় সিলমোহর বসিয়ে প্রযোজক বললেন, ‘ভাগ্যিস অক্ষয় খান্নার থেকে ভালো অভিনেতা জয়দীপকে পাওয়া গেছে।’
চীন-ভারত সম্পর্কে যুক্তরাষ্ট্রের বাগড়া!
অন্তর্বর্তী সরকার কারো পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ৮ লাখ ছাড়াল, শীর্ষে সৌদি প্রবাসীরা
নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী