তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১২ এএম

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক একেএম শহিদুল ইসলামের ‘নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে  দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র, তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।’

বিবৃতিতে বলা হয়, ‘সুতরাং বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে একেএম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। তাই অবিলম্বে একেএম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।’

শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে শহিদুল ইসলামকে পুলিশে দেন নেতাকর্মীরা।

শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত