নির্বাচনী অনুদান ফেরত দিতে চান তাসনিম জারা!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি নিজের যাচাইকৃত ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে নির্বাচনী তহবিলের জন্য অনুদান হিসেবে সংগৃহীত অর্থ ফেরত দেবার কথা জানান। পাশাপাশি, প্রদানকৃত অর্থ পুনরায় ফেরত পাবার জন্য অনুদানকারীদের একটি অনলাইন ফর্ম পূরণের অনুরোধও জানান তিনি।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক পোস্টে তিনি বলেন, কিছুদিন আগে নির্বাচনী তহবিল সংগ্রহের সময় আপনারা অনেকে অনুদান দিয়েছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা অনুদানকৃত অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা অর্থ ফেরত পেতে নিচে দেয়া এই ফর্মটি পূরণ করুন। তিনি ফর্মের লিংকটি ( https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA) শেয়ার করেন।

তিনি আরও বলেন, আপনাদের লেনদেনের আইডি ও বিবরণ যাচাই করার পরে অর্থ ফেরত দেয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শীঘ্রই জানাবো কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেয়া হবে।

এর আগে গত ২২ ডিসেম্বর নির্বাচনী তহবিলের জন্য অর্থ অনুদানের আহ্বান জানান তিনি। ডা. জারার ঘোষণার মাত্র ২৯ ঘন্টায় মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ৪৭ লক্ষ টাকা তার একাউন্টে জমা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত