প্রকাশ্য দিবালোকে সিরাজগঞ্জ শহরে আব্দুর রহমান রিয়াদ (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীকে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পুরাতন সেন্ট্রাল হসপিটালের সামনের সড়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ শহরের (নাজমুল চত্বর) চৌরাস্তা মোড় এলাকার সেন্ট্রাল হসপিটালের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁন পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক প্রণয় কুমার জানান, বিকাল সাড়ে ৫টার দিকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে। রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।
