চৌদ্দগ্রামে লড়বেন জামায়াতের ডা. তাহের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ডা. তাহের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন এক বাস্তবতার দিকে এগোচ্ছে। নানা ষড়যন্ত্রের চেষ্টা সত্ত্বেও দেশ নির্বাচন আয়োজনের পথ থেকে সরে আসেনি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এই নির্বাচন তিনটি কারণে ব্যতিক্রমী। প্রথমত, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না। দ্বিতীয়ত, বিএনপি কার্যত একক অবস্থানে রয়েছে। তৃতীয়ত, ডানপন্থী রাজনৈতিক দল ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলো এখন এক কাতারে দাঁড়িয়েছে। তার মতে, এ ধরনের রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

ডা. তাহের আরও বলেন, একদিকে রয়েছে হাতে গোনা কয়েকটি দল ও কিছু মানুষ, আর অন্যদিকে রয়েছে দেশের সাধারণ জনগণ। এই বাস্তবতা একটি ঐতিহাসিক নির্বাচনের ইঙ্গিত বহন করছে।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, তাদের ষড়যন্ত্র আপাতত ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। একই সঙ্গে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মো. মাহফুজুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত