ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। হতে চান সংসদ সদস্য। সেই লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে জানিয়েছেন কি কারণে তিনি ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হতে চান।
তিনি মো. ইকবাল চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পেয়েছিলেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার।
সোমবার, ২৯ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হয় ইকবাল চৌধুরীর সঙ্গে। এ প্রতিবেদককে তিনি বলেন, আমি দীর্ঘ ১১ বছর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। এরপর দূরে সরে গেছি। নীরবে ছিলাম। এখন প্রেক্ষাপট ভিন্ন। তাই সংসদ নির্বাচন করার কথা চিন্তা করছি।
তিনি বলেন, বিএনপি থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে তাতে আমি হতাশ। দলের নেতাকর্মীরাও হতাশ। মানুষ মনে করে যিনি তাদের মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে তাকেই ভোটে নির্বাচিত করতে হবে। আমার কাছে মনে হয়েছে মানুষ আমাকে চায়।
এক প্রশ্নের জবাবে ইকবাল চৌধুরী বলেন, বিএনপির মনোনয়ন পাওয়া উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান আমাকে দল থেকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। জেলা বিএনপি ছাড়া এটা ওনি পারেন না। ওনাকে দিয়ে নির্বাচনী মাঠ পাড়ি দেওয়া সম্ভব না। সব মিলিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বুড়িশ্বর ইউনিয়ন মেম্বার রুহুল আমিন, মিয়াজান, জাকির মিয়া, আলমগির শাহ, জামাতা ব্যারিস্টার মাহাদী জামান ও কন্যা ব্যারিস্টার জেরিন চৌধুরী।
