মানিকগঞ্জ-১ জিন্নাহ কবিরের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এস. এ. জিন্নাহ কবির আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এস. এ. জিন্নাহ কবির বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে কৃষক, শ্রমিক, গ্রাম-গঞ্জের খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। তিনি আরও বলেন, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। সেই সঙ্গে বেড়িবাঁধকে ঘিরে আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত