১৭ বছর মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদের প্রার্থীকে ভোট দিতে পারেনি : সাঈদ আহমেদ আসলাম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

শরীয়তপুর -১ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেছেন, গত ১৭ বছর মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিতে পারবেন। তাই মানুষের ভিতর উৎফুল্ল দেখে যাচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, যা ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আচরণবিধি লঙ্ঘন করছি না। রির্টানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দেয়ার সময় আচরণবিধি মেনেই দিয়েছি।

তিনি বলেন, জনগনের মধ্যে যে আনন্দ উল্লাস তাতেই বুঝা যায় ত্রয়োদশ সংসদ নির্বাচন গনতান্ত্রিকভাবে হবে। আজ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আপনারা দেখেছেন সব দলের প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যা গত নির্বাচনে সম্ভব হয়নি। 

সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপি জনগণের অধিকারের কথা বলে। আজ-অব্দি বিএনপির এমন কোন রেকর্ড নেই ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছেন। বিএনপি দল, দেশ ও আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।  

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপুসহ জেলা বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। শরীয়তপুরের ৩টি আসনে বিভিন্ন দলের ২৪ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে ফরম জমা দিয়েছেন।

শরীয়তপুর–১ (পালং–জাজিরা) সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ, নাগরিক ঐক্যের মনোনিত প্রার্থী নুরুল ইসলাম, এনসিপির প্রার্থী আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম।

শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনে থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইমরান হোসেন, খেলাফত আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাছান, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান সম্রাট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দবির হোসেন শেখ, জনতার দলের প্রার্থী পারভেজ মোশারফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারহানা কাদির রহমান, আলমগীর হোসেন, নাসির বন্দুকছি।

শরীয়তপুর ৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট )  আসনে থেকে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হানিফ মিয়া ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত