ভুটানের এক তরুণ বোলার বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো এক ম্যাচে ৮ উইকেট শিকার করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে।
গেলেফুতে গত ২৬ ডিসেম্বর মায়ানমারের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইয়েশে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ৮ উইকেট। তার এই অসাধারণ বোলিংয়ের সুবাদে ভুটান ৮২ রানের বড় জয় পায়। এটি পুরুষ ও নারী—দুই বিভাগ মিলিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং ফিগার।
ম্যাচে আগে ব্যাট করে ভুটান ৯ উইকেটে ১২৭ রান তোলে। পরে ইয়েশের বিধ্বংসী স্পেলের মুখে মায়ানমার মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায়। ইয়েশের নেওয়া ৮ উইকেটের মধ্যে ৭টি ক্যাচ আউট, একটি বোল্ড ও একটি এলবিডব্লিউ ছিল।
২০২২ সালের জুলাইয়ে ২২ বছর বয়সী ইয়েশের আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হয়েছিল। বিশ্বরেকর্ড গড়ার পর বিবিসি স্পোর্টকে ইয়েশে বলেন, “বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। আমার পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দিয়েছে। ভুটান ক্রিকেটের সমর্থন ও আস্থাই আমাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে সাহস জুগিয়েছে।”
এর আগে পুরুষদের টি–টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের, যিনি ২০২৩ সালে চীনের বিপক্ষে ৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। নারীদের বিভাগে সেরা ফিগার ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার—২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৭ রানে ৭ উইকেট।
আইসিসির সহযোগী সদস্য ভুটান বর্তমানে পুরুষদের টি–টোয়েন্টি র্যাংকিংয়ে ৭৭ নম্বরে রয়েছে, আর মিয়ানমারের অবস্থান ৯৫। তুলনামূলক কম সুযোগ ও সীমিত সম্পদের মধ্যেও সোনাম ইয়েশের এই কীর্তি বিশ্ব ক্রিকেটে ভুটানের নাম নতুন করে আলোচনায় এনে দিয়েছে।
১০ ওভারে ১২৩ রান দিয়ে ভারতীয় বোলাারের লজ্জার রেকর্ড
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক: বিপিএল ম্যাচ বাতিল