গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নের আহ্বান ট্রাম্পের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপে খুব দ্রুত এগোতে তিনি আশাবাদী। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, হামাস নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল যুদ্ধবিরতি পরিকল্পনা পুরোপুরি মেনে চলছে। একই সঙ্গে তিনি বলেন, হামাসকে স্বল্প সময়ের মধ্যেই অস্ত্র ত্যাগ করতে হবে। প্রক্রিয়া এগোলে গাজায় পুনর্গঠন কাজও শিগগিরই শুরু করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের কথা রয়েছে, যার মাধ্যমে পুনর্গঠনের পথ খুলবে। তবে সমালোচকদের মতে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল সেনা প্রত্যাহার বিলম্বিত করতে পারে।

হামাস বলেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির সঙ্গে পূর্ণ নিরস্ত্রীকরণ যুক্ত থাকতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা কেবল যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় হামলা চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরান যদি আবার পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে। এ হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো হামলার জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে সিরিয়া ও লেবাননসহ আঞ্চলিক নানা ইস্যুও আলোচনায় আসে। ট্রাম্প ইসরায়েল-সিরিয়া সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন এবং দামেস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত