সালাহউদ্দিন আহমদ

খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনে প্রভাব পড়বে না

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামতে চেয়েছিলেন। সর্বোচ্চ তিনটি আসনে দলীয় মনোনয়নও পান তিনি। ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে আর লড়তে পারেননি। এর আগেই চলে যান তিনি না ফেরার দেশে।

সূত্র জানিয়েছে, গুরুতর অসুস্থতার কারণে খালেদা জিয়ার তিনটি আসনেই আগেই বিকল্প প্রার্থী প্রস্তুত করে রেখেছিল বিএনপি। এর মধ্যে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন।

অপরদিকে বগুড়া-৭ (গাবতলী) আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ (সদর) আসনেও খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত