এক মরদেহে তিন পা! শোকের ঘরে বিভ্রান্তি ও অপেক্ষা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

শোকের ঘরে প্রস্তুতি চলছিল দাফনের। আত্মীয়স্বজন জড়ো হচ্ছিলেন শেষ বিদায়ের জন্য। ঠিক তখনই এমন এক দৃশ্যের মুখোমুখি হয় পরিবার, যা তাদের শোককে আরও গভীর ও বিভ্রান্তিকর করে তোলে। দাফনের আগে দেখা গেল নিহত সেন্টুর মরদেহে দুটি পায়ের পরিবর্তে ছিল তিনটি পা!

ঘটনাটি ঘটে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকচাপায় নিহত চারজনের একজন ছিলেন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ হস্তান্তর করে পরিবারের কাছে। বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতির সময়ই ধরা পড়ে অস্বাভাবিক এই বিষয়টি।

স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী বলেন, প্যাকেট খুলেই দেখি স্বাভাবিক দুইটি পায়ের জায়গায় তিনটি পা। সঙ্গে সঙ্গে পরিবারকে জানাই। মুহূর্তেই শোকের ঘরে নেমে আসে বিভ্রান্তি ও উৎকণ্ঠা।

পরে জানা যায়, একই দুর্ঘটনায় আহত রায়হান হোসেন নামের এক ব্যক্তির দুইটি পা-ই বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রায়হানের পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন পা দুটির সন্ধান করছিলেন।

নিহত সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, পুলিশ জানায়, আহত একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। তখন বুঝতে পারি আমাদের কাছে যে অতিরিক্ত পা রয়েছে, সেটি তারই। পরে পুলিশ দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমন্বয় করে। আহত রায়হানের পরিবারের সদস্যরা অতিরিক্ত পা-টি নিতে রওনা হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। দ্রুত মরদেহ উদ্ধার ও সরিয়ে নেওয়ার সময় এই অনিচ্ছাকৃত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত