কুমিল্লার তিন আসনে জামায়াত প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

তথ্য গোপনসহ নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার তিনটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই–বাছাই শুরু হয়। প্রথম দিন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১ থেকে ৬ নম্বর আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। বাকি পাঁচটি আসনের যাচাই-বাছাই হবে শনিবার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা), কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৩ (মুরাদনগর)-এই তিনটি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১১ জনের মনোনয়ন।

কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১২ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল হয়। এ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামানসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিস সূত্র জানিয়েছে, অধিকাংশ বাতিল হওয়া প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংক্রান্ত অসামঞ্জস্য পাওয়া গেছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, কুমিল্লা-১ আসনে বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। দল তাকে এবং তার বাবাকে মনোনয়ন দিয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, অভ্যুত্থান–পরবর্তী সময়ে দেশের মানুষ জামায়াতকে বেছে নেবে।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জমা পড়া ১০টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আব্দুল মতিনসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নয়জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এবং গণ-অধিকার পরিষদের মনিরুজ্জামান। এ আসনে বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ রাজনৈতিক ও স্বতন্ত্র মিলিয়ে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। এটা ষড়যন্ত্রের অংশ কি না, তা বুঝতে পারছি না। আমি আমার জানামতে সব তথ্য সঠিকভাবেই দিয়েছি। হয়তো কোনো ক্ষুদ্র ত্রুটি থাকতে পারে। আমি এ বিষয়ে আপিল করব।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র জমাদানকারী মোট ৬২ জন প্রার্থীর মনোনয়ন যাচাই–বাছাই করা হচ্ছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এই তিনটি আসনে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ১১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত