প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রক্ষার কথা বিবেচনা করে আগামী ৯ জানুয়ারির জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি।
গত ২৫ ডিসেম্বর দলের এক সভায় শহীদ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমান প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ৯ জানুয়ারি মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। তবে আজ শুক্রবার (২ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
একই দাবিতে আগামী ৩ জানুয়ারি জামায়াতের পৃথক সমাবেশের আয়োজন ছিল বলে জানা গেছে। সেটিও ইতিমধ্যে স্থগিত করা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সার্বিক নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
