ডাকসু নির্বাচনে অংশগ্রহণের পর এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার।
নরসিংদী-৫ আসনে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন তিনি। বর্তমানে তাহমিনা আক্তারের বয়স ২৫ বছর ২ মাস ২২ দিন। তিনি দলীয় প্রতীক আপেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাহমিনা আক্তারের ব্যাংক হিসাবে রয়েছে ২ হাজার ৫০০ টাকা এবং তার হাতে নগদ অর্থ আছে দুই লাখ ১০ হাজার টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়, কৃষি খাত থেকে তার বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার টাকা। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
শিক্ষাগত যোগ্যতায় তাহমিনা আক্তার বিএ (অনার্স) পাস।
এবার নরসিংদী-৫ আসনে মোট ১১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বয়সের দিক থেকে সবচেয়ে নবীন প্রার্থী তাহমিনা আক্তার।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে পরাজয় নিশ্চিত জেনে তিনি নির্বাচন বর্জন করেন।
