ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর আসন্ন আইপিএলের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তাদের সেই নির্দেশনা এবার আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করল নাইট রাইডার্স।
সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পেইজে নাইট রাইডার্সের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পরামর্শের মাধ্যমে রিলিজ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আইপিএলের নিয়মানুযায়ী বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’
এবারের মিনি নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা, যার মাধ্যমে মোস্তাফিজ হয়ে যান আইপিএলে সর্বোচ্চ দাম পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। এর আগে মোস্তাফিজ ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে ভারতে।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়ে। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে মিছিল-মিটিংও হয়েছে। মোস্তাফিজ খেললে আইপিএল এবং নাইট রাইডার্সকে বয়কটের ডাক দেওয়া হয়। এরই প্রেক্ষিতে এলো বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত।
যৌন হয়রানির অভিযোগ তোলা কামরুন নাহারকে সাময়িক বহিস্কার
আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার কে? সেরা দশে কারা আছেন?