মোস্তাফিজ পারলেন না; বাংলাদেশ কি পারবে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে?

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

রাজনৈতিক উত্তেজনার কারণে মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে অনুযায়ী মোস্তাফিজকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স। এবার প্রশ্ন উঠেছে, ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে তো?

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়ে। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে মিছিল-মিটিংও হয়েছে। মোস্তাফিজ খেললে আইপিএল এবং নাইট রাইডার্সকে বয়কটের ডাক দেওয়া হয়। এরই প্রেক্ষিতে এলো বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। গ্রুপপর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটিই অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আরেকটি ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রশ্ন উঠেছে –বাংলাদেশ কি ভারতের এই ভেন্যুগুলোতে আদৌ খেলতে পারবে? এমনিতেই মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।

এছাড়া ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’–এর প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এএনআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, সে বিষয়ে শাহরুখ খানের কি কিছুই জানা নেই?...দুঃখের বিষয় বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার খবর থাকা সত্ত্বেও কেকেআর আইপিএলের নিলামে এক বাংলাদেশি খেলোয়াড় বেছে নিয়েছে। শাহরুখ খানের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছাড়া বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চালানো নৃশংসতার নিন্দায় তার একটি বিবৃতি দেওয়া উচিত।’

উল্লেখ্য, আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আছে। প্রথম আসরের পর থেকে আর কোনো পাকিস্তানিকে আইপিএলে দেখা যায়নি। এক যুগ ধরে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যায় না। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়। পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশের ভেন্যুও কি এবার বদলে যাওয়ার পথে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত