মিষ্টি খেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অসুস্থ ১২

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

মাদারীপুরে একটি দোকান থেকে মিষ্টি খেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১২ জন অসুস্থ হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, নষ্ট মিষ্টি বিক্রির কারণে তাদের এই অবস্থা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর এ বিষয়টি জানাজানি হয়। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকার একটি মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলা শহরজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর সুস্বাস্থ্য খাবার নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।

ভুক্তভোগী ও দোকানীরা জানায়, মাদারীপুর শহরের পুরাতন কোর্ট এলাকার আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি থেকে মিষ্টি কিনে এনে বিক্রি করেন ডিসি ব্রিজ এলাকার একটি মিষ্টির দোকানী সনজিৎ। সেখানে বসে শুক্রবার সন্ধ্যায় কয়েকজন যুবক একসঙ্গে মিষ্টি খাচ্ছিলেন। এতে যোগ দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। মিষ্টি খাওয়ার কিছু সময় পর একে একে তাদের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পেটে ব্যথা, বমি, মাথা ঘোরানোসহ দুর্বলতায় শুরু হয় তাদের। পরিস্থিতি খারাপ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি জানাজানি হলে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

ভুক্তভোগী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, আমরা ১৫ জন একসঙ্গে মিষ্টি খাই। এরমধ্যে ১২ জনই অসুস্থ হয়ে পড়ি। পঁচা মিষ্টি বিক্রির কারণে এ ঘটনা ঘটে। দোকানদারের বিচার হওয়া উচিৎ।

আরেক ভুক্তভোগী মিলন মুন্সি বলেন, আমরা ভালো দোকান ভেবেই মিষ্টি খেয়েছিলাম। কিন্তু মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসা নিতে হয়েছে। এর বিচার চাই।

ডিসি ব্রিজ এলাকার দোকানী সনজিৎ জানান, আমি দীর্ঘদিন ধরে পুরাতন কোর্ট এলাকার আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি থেকে মিষ্টি এনে বিক্রি করি। তারা যেই মিষ্টি দেয়, আমি সেটাই বিক্রি করি। এখানে ভালমন্দ আমার কি করার আছে?

আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি পরিচালক সমারেশ ঘোষ জানান, এখানে সুনামের সঙ্গে টাটকা মিষ্টি বিক্রি করা হয়। কিন্তু ডিসি ব্রিজের ঘটনা কিভাবে হলো সেটা বুঝতে পারছি না। কোন মিষ্টি নষ্ট হলে আমরা ফেলে দেই, সেটা বিক্রি করি না।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পঁচা ও মানহীন মিষ্টি বিক্রি করলে দোকানদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত