ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে নিরাপত্তার স্বার্থে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জানায়, সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ‘ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ মাঝ নদীতে আটকা পড়ে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
