বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের ফলে বিসিসিআইয়ের নির্দেশে গতকাল মোস্তাফিজকে তারা রিলিজ দিয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাবিথ লিখেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ। মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।’
তাবিথ আরও লিখেছেন, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি। শক্ত থাক মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’
উল্লেখ্য, মোস্তাফিজ ইস্যুতে আগামী ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে।
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: বিসিবির সিদ্ধান্ত
মোস্তাফিজকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ
স্পাইডারম্যান স্টাইলে নবজাতককে পরিচয় করালেন আলভারেজ