দ্বৈত নাগরিকত্ব

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা.ফজলুলের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটানিং অফিসার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ডা. এ কে এম ফজলুল হক নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন উল্লেখ করে সেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন  বলে ঘোষণা দেন। কিন্তু দ্বৈত নাগরিকত্ব ত্যাগের বিষয়ে কোনো প্রমাণপত্র জমা দেননি তিনি। এ সংক্রান্ত কোনো নথি না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে শুনানি রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। কিন্তু জবাবে রিটার্নিং অফিসার বলেছেন যে প্রক্রিয়াধীন থাকার অর্থ এখনও নাগরিকত্ব বহাল। তাই এ অবস্থায় প্রার্থিতা বহাল রাখার কোনো সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত