অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে ড্র লিভারপুল-চেলসির

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নাটকীয় শেষের কারণে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে গোল হজম করে জয় হাতছাড়া করেছে দুই দলই। অন্যদিকে লিডসের মাঠে পিছিয়ে পড়েও ড্র তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, যদিও ম্যাচ শেষে কোচ রুবেন আমোরিমের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ক্র্যাভেন কটেজে ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান হ্যারিসন রিড। এর কিছুক্ষণ আগেই কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল, জয় নিশ্চিত ভেবেই উল্লাস করছিল সমর্থকেরা। কিন্তু খেলা পুনরায় শুরু হতেই রিডের গোলে হতবাক হয়ে যায় তারা। এর আগে প্রথমার্ধে হ্যারি উইলসনের গোলে এগিয়েছিল ফুলহাম, আর ৫৭ মিনিটে সমতা ফেরান ফ্লোরিয়ান ভির্টজ।

এই ড্রয়ে লিভারপুল লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে এবং শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১৪।

ম্যানচেস্টার সিটিও শেষ মুহূর্তে ধাক্কা খেয়েছে। এতিহাদ স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় পেপ গার্দিওলার দল। বিরতির আগে তিজানি রেইনডার্সের গোলে এগিয়ে থাকলেও ৯৪তম মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতা ফেরায় কোচবিহীন চেলসি। ফলে শিরোপা দৌড়ে থাকা সিটি এখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে।

এদিকে এল্যান্ড রোডে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ব্রেনডেন অ্যারনসনের গোলে পিছিয়ে পড়ার পর মাত্র তিন মিনিটের মধ্যে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনহা। ম্যাচের শেষ দিকে জয়ের খুব কাছাকাছি গিয়েও পোস্টে বল লাগায় হতাশ হতে হয় তাঁকে।

ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম জয় না পাওয়ায় হতাশার কথা জানালেও, তাঁর চাকরি ও ভবিষ্যৎ নিয়ে করা মন্তব্য বেশি আলোচনায় এসেছে। তিনি বলেন, ক্লাব চাইলে ১৮ মাস পরই পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে—এমন বাস্তবতা মাথায় রেখেই তিনি কাজ করছেন।

দিনের অন্য ম্যাচে ইগর থিয়াগোর হ্যাটট্রিকে এভারটনকে ৪-২ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। নিউক্যাসল ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। আর টটেনহ্যাম ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় হাতছাড়া করেছে, ৮০ মিনিটে ব্রায়ান ব্রোবির গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত