কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তলসহ র‍্যাবের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) এবং আবুল কায়জাদ ওরফে উথান (৫৪)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি কালো রঙের ‘র‍্যাব’ লেখা জ্যাকেট, ১টি ওয়াকি-টকি, ২টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ২টি পিস্তলের কভার এবং ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার রাতের দিকে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তারা কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতি করত বলেও জানিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে।

ডিবি ওসি জানান, ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত