গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার গ্যাস ডিলারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মাঝুখান এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আদায় করে আসছিল মাঝুখান জান্নাত এন্টারপ্রাইজ নামের গ্যাস সিলিন্ডার গোডাউনের বিক্রেতা। এমন খবরে ওই গ্যাস সিলিন্ডারের গোডাইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। পরে ঘটনার সত্যতা পেয়ে গ্যাস বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীন জানান, বক্তাদের অধিকার নিশ্চিতকরণার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে খাদ্যদ্রব্যসহ গ্যাসের দাম রাখা হচ্ছে। এমন অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ভোক্তা অধিকারের অ্যাসিস্ট্যান্ট প্রদীপ শিকদার, কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
