লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা মোবাইল ফোনের ডিসপ্লেগুলো গোপনে মজুদ করে কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়।
এ সময় ইজিবাইকযোগে আসা এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে ইজিবাইকের ভেতর থেকে ১ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মোবাইল ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮০০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
