জুলাই যোদ্ধা সুরভীর রিমান্ড বাতিল, জামিনে মুক্তি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দুই দিনের রিমান্ডে থাকলেও সন্ধ্যায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান এবং রাতেই গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

জেলা কারাগারের সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিলাভের সময় কারা ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুরভীকে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত চত্বরে তার সমর্থকরা বিক্ষোভ দেখান। বিকেলে তার পক্ষে আইনজীবী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় ওই আদালত উভয় পক্ষের শুনানী শেষে রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হক চৌধুরী বিপ্লব জানান, মামলার বাদি আদালতে যোগাযোগ করেননি। বিচারকের কাছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আদালত চত্বরে অস্থিরতা রয়েছে তা জানানো হয়। সবকিছু বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করেন।

সুরভীর রিমান্ডের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ চালানো হয়। এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, ‘ছাত্রজনতা জুলাই গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত দিয়েছে। তাহরিমা জান্নাত সুরভী জীবন ও নিরাপত্তার ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন।’

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ নভেম্বর কালিয়াকৈর থানায় দায়েরকৃত মামলায় বাদি নাইমুর রহমান দূর্জয় উল্লেখ করেন, সুরভী তার পরিচিত এবং বিভিন্ন সংবাদ প্রচারের জন্য সহায়তা করতো। গত ১৮ নভেম্বর দুপুরে তাকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে ধরে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তার সঙ্গে মারধর ও ভয়ভীতি দেখানো হয় এবং বিকাশে টাকা পাঠাতে বলা হয়।

মামলায় বলা হয়েছে, হামলাকারীরা তার টিশার্ট খুলে আইডি কার্ডসহ ছবি ও ভিডিও ধারণ করে, ইয়াবা বিক্রির স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করে। পরে ১৯ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত