দেশ

গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলে চাঁদাবাজির অভিযোগে মামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শেফালী বেগম নামে এক গৃহবধূ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।

এর আগে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কাঁঠালবাড়ী জামে মসজিদের উন্নয়নকল্পে রোববার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠসংলগ্ন ফাঁকা জমিতে তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলের পাশে মেলা বসে, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা অস্থায়ী দোকান ও নাগরদোলা স্থাপন করেন।

মাহফিল চলাকালে সন্ধ্যার পর একদল সন্ত্রাসী মেলায় এসে দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। আয়োজক কমিটির লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

এরই জের ধরে সোমবার (৫ জানুয়ারি) সকালে ফারুক (৪২), ওয়াসিম (৩৭), শান্ত (২৬), নয়ন (২০)সহ ১৫-১৬ জনের একটি দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মেলায় এসে আবারও চাঁদা দাবি করে। দোকানদাররা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গালিগালাজ শুরু করে এবং নাগরদোলার চারটি স্টিলের সিঁড়ি জোরপূর্বক খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ বাধা দিলে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কাঁঠালবাড়ী গ্রামের রিপন (৩০), জাহাঙ্গীর আলম (৪২), রাব্বি (২২), শিপন (২৩), শাহিন (২১) ও জোসনা বেগম (৪৫)সহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত