বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। এ সিদ্ধান্তের বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিল কিংবা বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানা গেছে।
সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরাও বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। কোনো বৈঠক হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও চাওয়া হয়নি।’
মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বোর্ডের কোনো বৈঠক হয়েছিল কি না বা আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানানো হয়েছিল কি না—এ বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তবে এর আগে তিনি বলেছিলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ দিতে।’
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গতকাল সোমবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মোস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে আঘাত করেছে এবং ক্ষুব্ধ করেছে।’ এ কারণে আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনার জেরে আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছে। এরই মধ্যে বাংলাদেশ নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে এবং আগস্টে ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংখ্যালঘু নির্যাতনের একটি ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে হত্যার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
‘মাহমুদউল্লাহর চেয়ে সেরা ফিনিশার আর নেই’
‘জাকের দুর্ভাগা, ওর সমালোচনা কম করলে ভালো হয়’