প্রবাস থেকে ফিরে বিয়ের প্রস্তুতি, প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম সিকদার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতেই তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। পরিবারের সঙ্গে নতুন করে জীবন শুরু করার আগেই কেড়ে নিল তার প্রাণ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়দের ভাষ্য, দুপুর আনুমানিক ৩টার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসলামের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত রাতেই বিদেশ থেকে ফিরেছিল। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। প্রবাসে গিয়ে সে পুরো পরিবারের হাল ধরেছিল। আমরা স্বপ্ন দেখছিলাম, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।

নিহত আসলামের জানাজা আগামীকাল বুধবার সকাল ১১টায় বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত