বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবার জন্য চূড়ান্ত শর্ত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), কিছু গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ 'অসত্য' দাবী করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় 'বিসিবি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করছে, যেখানে দাবি করা হয়েছে যে এই বিষয়ে বোর্ডকে একটি 'চূড়ান্ত শর্ত দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন; আইসিসি থেকে প্রাপ্ত বার্তার প্রকৃতি বা বিষয়বস্তুর সাথে এর কোনো মিল নেই।
বুধবার দিবাগত রাতে, ইএসপিএনক্রিকইনফো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়, সংস্থাটি জানতে পেরেছে একটি ভার্চুয়াল কল এর মাধ্যমে আইসিসি বিসিবিকে জানিয়েছে তারা বিসিবি'র ভেন্যু পরিবর্তনের অনুরোধটি রাখতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে ভারতে এসেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে হবে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রসঙ্গে আরো জানায়, আইসিসি বাংলাদেশের বিকল্প একটি দলেরও সন্ধান করছে। বাংলাদেশ অংশগ্রহণ না করলে পয়েন্ট হারানোর পাশাপাশি আইসিসি'র বিশ্বকাপ থেকে আয়ের ভাগ থেকেও বঞ্চিত হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বিসিসিআই এর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, 'আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং তারা এই বিষয়টি বিসিবি-কে অবহিত করেছে। আইসিসি এমন কোনো তথ্য পায়নি যা নির্দেশ করে যে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে, সূচি পরিবর্তন করা বা ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কোনো কারণ নেই। হাতে সময়ও খুব কম। বিসিবি-কে মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট বা সদস্য অংশগ্রহণ চুক্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে এবং তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।'
তবে এই সব তথ্য মোটেও সত্য নয় বলেই প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী বিসিবি'র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবি উদ্বেগ প্রকাশ করেছিল এবং দলের ম্যাচগুলো স্থানান্তরের অনুরোধ জানিয়েছিল। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বিসিবি একটি ফিরতি বার্তা পেয়েছে।
উক্ত বার্তায় আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে আইসিসি বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি তারা আশ্বস্ত করেছে যে, এই ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং তা যথাযথভাবে বিবেচনা করা হবে।
বিসিবি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করছে, যেখানে দাবি করা হয়েছে যে এই বিষয়ে বোর্ডকে একটি 'চূড়ান্ত শর্ত' দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন; আইসিসি থেকে প্রাপ্ত বার্তার প্রকৃতি বা বিষয়বস্তুর সাথে এর কোনো মিল নেই। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দলের সহজ এবং সফল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি বন্ধুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও সহযোগিতামূলকভাবে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৃঢ়প্রতিজ্ঞ।''
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই সংকট নিরসনে আগামী শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
ভারতে বিশ্বকাপ না খেললে পয়েন্ট খোয়াবে- আইসিসি; এমন কোনো আলটিমেটাম হয়নি-বিসিবি