জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টির ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এই কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ফার্মেসি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, ফিন্যান্স, বায়োকেমিস্ট্রি, দর্শন, চারুকলা, প্রাণিবিদ্যা, মার্কেটিং ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা গেছে, সহ সভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে আছেন। তিনি ২১৬৩ ভোট পেয়েছেন।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১৩১ ভোট। এতে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী ৩২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ বড় ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ১৫৮৭ ভোট পেয়েছেন, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৭৯৩ ভোট পেয়েছেন। ফলে জিএস পদে শিবির প্রার্থী ৭৯৪ ভোটে এগিয়ে রয়েছেন।
এছাড়া সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। ছাত্রদলের বিএম তানজিল রহমান পেয়েছেন ১২৯৭ ভোট। ফলে এজিএস পদেও শিবির প্রার্থী ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ধাপে ধাপে বাকি কেন্দ্রগুলোর ফলাফলও প্রকাশ করা হবে।
