লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেত সেলম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম রাশিয়া টুডের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা মেহের।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে ‘টার্গেট কিলিং’ করেছে। নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহর দুই সদস্য নিহত হন।
তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালানোর বিষয়টি উপেক্ষা করে দখলদার ইসরায়েল করেছে, এই দুই হিজবুল্লাহ সদস্যের কার্যক্রম তেল আবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল।
উল্লেখ্য, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শতশতবার ওই চুক্তি লঙ্ঘন করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও তাদের দখলে রয়েছে।
