গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর এলাকায় বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরের পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ওই শ্রমিকের নাম শরীফ মিয়া (৩২)। পাশের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কপালেশ্বর গ্রামে তার বাড়ি। তিনি ওই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ছোটবেলা থেকেই সোনাকর গ্রামে তার নানার বাড়িতে থাকতো শরীফ। তার নানা সোনাকর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন। তারা বলেন, শরীফ শ্রীপুর সড়কের প্রভাতী–বনশ্রী পরিবহন বাস চালক ছিলেন ।
নিহতের স্ত্রী শারমিন আকতার জানান, বৃহস্পতিবার রাতে পাশের সোনাবার বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি । এরপর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকাল লাশ মিলল।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
