যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের কয়েকটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ফারুক বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ও মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চেষ্টা চলছে। আমাদের দলের মহাসচিবও বলেছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। তবে সে নির্বাচন যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠু করতে হবে।
তিনি বলেন, দুই-একজন মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করা যাবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করি না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব প্রসঙ্গে ফারুক বলেন, গতকাল রাতেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাকে সফলতা দিন। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তিনি যেন শেষ করতে পারেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রসঙ্গে ফারুক বলেন, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না বা আমিও একসময় ডাকসুর ভিপি প্রার্থী ছিলাম। এসব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।
অনুষ্ঠানে ঢাকাস্থ নোয়াখালী সেনবাগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
