বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির বলেছেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট চাইতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দৌলতপুর উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা ভোরের বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিন্নাহ কবির বলেন, নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবেন। পাশাপাশি চরাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল, বিমানবন্দর ও শিল্প-কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি রাস্তা, কালভার্ট, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নেও কাজ করবেন।
তিনি বিএনপির সকল নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাওয়ার আহ্বান জানান। জিন্নাহ বলেন, ‘সব নেতাকর্মী ধানের শীষের কর্মী হিসেবে ভেদাভেদ ভুলে দলকে বিজয়ী করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বহু বিএনপি নেতাকর্মী।
